যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ৪৮ হাজারের বেশি আক্রান্ত

আপডেট : ০২ জুলাই ২০২০, ০০:৫৮

যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসে আক্রান্তে এক দিনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দেশটিতে ৪৮ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। সিয়াটলে জরুরি অবস্থ জারির বিরুদ্ধে বিক্ষোভ থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর ভারতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমস ও এনডিটিভির

যুক্তরাষ্ট্রে আক্রান্তে নতুন রেকর্ড

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে। এই মহামারি শুরু হবার পর থেকে এ পর্যন্ত একদিনে সংক্রমণের সর্বাধিক সংখ্যা এটি। আটটি রাজ্যে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে। এই নতুন সংক্রমণের সাড়ে চার হাজারের বেশি অ্যারিজোনায়, ক্যালিফোর্নিয়ায় প্রায় আট হাজার ও টেক্সাসে প্রায় সাত হাজার আক্রান্ত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এসব রাজ্য ছাড়াও ফ্লোরিডা, জর্জিয়া এবং সাউথ ক্যারোলিনায় বিপুল সংখ্যক মানুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। সিয়াটলে করোনা প্রতিরোধে জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেন, এখন তো দিনে ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। ভবিষ্যতে দিনে এক লাখ লোকও আক্রান্ত হতে পারে।

ভারতে ছয় লাখের বেশি সংক্রমিত

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি থেকে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩২ জন যা রাশিয়ার থেকে মাত্র ৫০ হাজার জন কম। গতকাল সকালে নতুন করে ১৮ হাজার ৫২২ জন আক্রান্ত যোগ করে ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ ৬৬ হাজার ৮৪০ জন। সন্ধ্যায় মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা হয় ৫ হাজার ৫৩৭ জন, তামিলনাড়ুতে ৩ হাজার ৮৮২ জন এবং দিল্লিতে ২ হাজার ৪৪২ জন। দেশটিতে জুন মাসেই সংক্রমণ হয়েছে চার লাখের মতো, মারা গেছে ১২ হাজার। এক ভিডিওতে দেখা গেছে, দেশটির কর্ণাটক রাজ্যে কোভিড-১৯ এ মৃতদের লাশ ময়লার ব্যাগে করে ছুঁড়ে ফেলা হচ্ছে। এর প্রমাণ পাওয়ায় সরকার মৃতদের স্বজনদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।