প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু ও মাগুরায় একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:০৪

পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুশীলা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সুশীলা ওই এলাকার উপেন্দ্র নাথের স্ত্রী।

স্থানীয়রা জানান, একই এলাকার প্রদীপ ও প্রণব হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল সুশীলার ছেলে বাবুল খরাতির সাথে।

গতকাল প্রদীপ ও প্রণব লোকজন নিয়ে সুশীলার ছেলে বাবুল খরাতির জমির ধান কাটতে গেলে এ সময় সুশীলা বাধা দিলে সজল ও রিপন বড়াল লাঠি দিয়ে সুশীলার মাথায় আঘাত করে। এ সময় সুশীলা গুরুতর জখম হয়। চিকিত্সার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত্যু ঘোষণা করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ শিকদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্বজনরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় পূর্ব বিরোধের জের ধরে গত বুধবার রাত ৯টার দিকে মাগুরা পৌর এলাকার কাশিনাথপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় রশিদ লস্কর (৪০) নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ি শালিখা উপজেলার গজদুর্ব গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রশিদ লস্কর রাতে মাগুরা শহর থেকে ইজিবাইকে করে কাশিনাথপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় নিজ বাড়ির সামনে নামার পর কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিত্সক মৃত ঘোষণা করেন। শালিখার গজদুর্ব গ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বে রশিদ লস্কর মাগুরার কাশিনাথপুরের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।