বৃহস্পতিবার সকালে গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে যাত্রীকে হত্যা করলো ছিনতাইকারীরা। তার নাম মুকুল (৩০)। মুকুল গাইবান্ধা সদর উপজেলার ওজুদধরনিবাড়ি গ্রামের রেজাউর মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
ঘটনার দিন মুকুল ও তার দুই সাথী শ্রমিক গাইবান্ধা নিজ বাড়ি যাওয়ার জন্য বলাকা ট্রেনেযোগে সাতখামাইর স্টেশন থেকে কাওরাইদ স্টেশনে আসেন। কাওরাইদ স্টেশনে নেমে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের টিকিট কেটে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি গফরগাঁওয়ের মশাখালী স্টেশন ছাড়ার পরপরই সাত/আটজনের একদল ছিনতাইকারী ট্রেনের ছাদের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নিতে থাকে। এতে যাত্রীরা বাধা দিতে চাইলে পিস্তলের বাট দিয়ে আঘাত করে ও কিল, ঘুষি মেরে আহত করে। মুকুল টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এ সময় তার সাথে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি মোঃ মোশাররফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেয়ার জন্য গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়িকে নির্দেশ দিচ্ছি।
