ঘরে বসে ভাল্লাগে না, দিন কাটে না আর,
বন্ধুদেরও ভীষণ মনে পড়ছে বারেবার।
স্কুল বন্ধ—কতগুলো দিন হয় না মাঠে খেলা,
টিফিন ব্রেকের অপেক্ষাতে আর কাটে না বেলা।
কতই বা আর পড়ব বলো, একলা বসে ঘরে?
বাইরে যেতে মনটা এখন ভীষণ কেমন করে।
খেয়ে-শুয়ে দিন কাটে না, করবটা কী বলো?
আচ্ছা বেশ! মজার মজার বুদ্ধি আঁটি চলো।
ঘরে বসে আঁকতে পারি হরেক রঙের ছবি,
গাইতে পারি, নাচতে পারি, হতেই পারি কবি।
লিখতে পারি গল্প-ছড়া, পড়তে পারি বই,
সিনেমা আর বইয়ের পাতায় ডুব দিয়ে খুব রই।
মায়ের কাজে সাহায্যটাও করতে পারি ঠিক,
পড়ার টেবিল সাজিয়ে রাখি, গোছাই চতুর্দিক।
পোষা প্রাণীর খাবার দিই আর গাছগুলোতে পানি,
বাবার কলম, দাদার ওষুধ—এগিয়ে একটু আনি।
শিখতে পারি রান্না একটু, মজার মজার খাবার,
খিচুরিটা মায়ের প্রিয়, ডিমভাজাটা বাবার।
দাদীর কাছে গল্প শুনেও কাটতে পারে রাত,
প্রতিবেশীর দিকে বাড়াই সাহায্যের এই হাত।
এই যে দেখো সারাটা দিন কত্ত যে কাজ বাকি!
এত কাজের ব্যস্ততাতে ঘরেই না হয় থাকি।
সুস্থ হোক এই দেশটা আবার, সুস্থ হোক এই ধরা,
ততদিনে ঘরেই চলুক অনেক কিছু করা।
