ঈদে সাত নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ

আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:১১

প্রতিবছর রোজার ঈদ থেকে কোরবানি ঈদ শেষ না হওয়া পর্যন্ত শোবিজ তারকাদের ব্যস্ততা থেকে অবসর নেওয়ার সময় হয় না। তবে এ বছর চিত্রটা পুরো ভিন্ন। এক ঈদ শেষ হয়ে আরেক ঈদের অপেক্ষা। যদিও এরইমধ্যে শুটিং উন্মুক্ত করা হয়েছে। তবুও নেই ঈদের আমেজ। তবে এই ঘরবন্দি অবস্থায় অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে তারকাদের। ঘরে বসেই নিজেদের কাজের চর্চা করে গেছেন। ঘরে বসেই ফিকশন নির্মাণ, গান করা বা বিভিন্ন বিনোদনমূলক কাজ ঘরে বসেই করেছেন অনেকে। শুধু তাই নয়, এগুলো প্রচার হচ্ছে গণমাধ্যমেও।

গত ঈদে ঘরে বসে নির্মিত ৭ পর্বের ৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘ঘরবন্দি সময়ের গল্প’ প্রচার হয়। কোরবানির ঈদেও ‘ঘরবন্দি সময়ের গল্প সিজন-২’ প্রচার হবে। এই সময়ে নির্মাণকাজ চলছে। সাত পরিচালক ৭টি পর্ব নির্মাণ করবেন। তারা হলেন গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, শিহাব শাহীন, অনিমেষ আইচ, সাফায়েত মনসুর রানা, দীপঙ্কর দীপন ও রায়হান রাফি।

ঘরবন্দি সময় নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজগুলো নির্মিত হচ্ছে। গল্পগুলোর অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। চলতি মাসের মাঝামাঝিতে স্বল্পদৈর্ঘ্যের শুটিং শুরু হবে। এবার গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করবেন ‘কোয়ারেন্টাইন ২’, নূরুল আলম আতিক ‘শিকারি ফুল’, অনিমেষ আইচ ‘কে’, দীপঙ্কর দীপন ‘আইসোলেশন’, সাফায়েত মনসুর রানা ‘মধ্যনায়ক ২’, রায়হান রাফি ‘নিঃশ্বাস’ পর্বগুলো নির্মাণ করবেন। শিহাব শাহীনের চলচ্চিত্রের নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

ঈদুল আজহার দিন থেকে সপ্তম দিন পর্যন্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রতিদিন রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে প্রচার করা হবে।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ঘরবন্দি সময় এভাবে কাটানো অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। তবে কোনোকিছুই তো থেমে থাকে না। এরমধ্যে অনেকে নিজেদের শিল্পচর্চা ও অন্যান্য কাজ করে যাওয়ার কায়দাটাও শিখে নিয়েছেন। এই স্বল্পদৈর্ঘ্যগুলো আমাদের ঘরবন্দি সময়গুলো নিয়েই।’

দীপঙ্কর দীপন বলেন, ‘গতবার আমার কাজ করা হয়নি। তবে কাজগুলো দেখেছি। এবারো ঘরবন্দি সময় নিয়েই কাজগুলো করা হবে। তবে এরমধ্যে চেষ্টা থাকবে ভিন্ন কিছু করার। রোজার ঈদে দর্শকরা খুব কমসংখ্যক কাজ দেখেছেন। এবার সেই জায়গা থেকে অনেকটা ভালো কিছু হবে আশা করি। সেই চেষ্টা আমাদের সবার আছে। দর্শকরা ভালো কিছু দেখবেন সেই প্রত্যাশা রয়েছে।’