সম্প্রতি প্রকাশ পেল প্রয়াত কিংবদন্তী সংগীতজ্ঞ লাকী আখান্দের অপ্রকাশিত সুরে শিল্পী তানিম মুন্সীর কণ্ঠে নতুন গানের মিউজিক ভিডিও ‘নীল নীলাকাশ’। গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। গানটি প্রকাশ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘গানটি শ্রদ্ধেয় লাকী আখান্দের সুর ও সংগীতে প্রথম রেকর্ড করেছিলাম তত্কালীন পল্টনের রিদম স্টুডিও থেকে ১৯৯২ সালে। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কিন্তু মাস্টারিং বাকি ছিল, কারণ অ্যালবাম করার লক্ষ্যে আরো কিছু গান তৈরির প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অনিবার্য কারণে গান-বাজনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি এবং গান গাওয়া ছেড়ে দিই। এরপর টানা ২০ বছর বিরতির পর যখন আবার গান-বাজনা শুরু করি, ঠিক তখনই লাকী আখান্দের অসুস্থতা ধরা পড়ে। এ অবস্থায় ওনার সুরে করা গানগুলো প্রকাশের দায়বোধ তৈরি হয়। ফলে গুণী সংগীত পরিচালক রোকন ইমনের সংগীত পরিচালনায় গানটি নতুন করে তৈরি করে লাকী আখান্দকে হাসপাতালে রেকর্ডিং শুনিয়ে চূড়ান্ত করি। যদিও বিভিন্ন জটিলতায় গানটি প্রকাশে দেরি হয়। বহু অপেক্ষার পর ওনার স্মৃতি রক্ষার তাগিদ থেকেই গানটি প্রকাশ করা।’
