ব্যাংকের পরিচালন মুনাফা কমেছে

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:২৪

করোনার নেতিবাচক প্রভাবে কমেছে ব্যাংকের মুনাফা। করোনার সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারেনি। পুরাতন ঋণ আদায়ও হয়নি। আমদানি-রপ্তানি বাণিজ্য কম হওয়ায় এ থেকে প্রাপ্ত কমিশনও কমেছে। অন্যদিকে ব্যাংকগুলোর অপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে।

ব্যাংকগুলো কিছুদিন পরে তাদের বার্ষিক অনিরীক্ষিত আর্থিক ফলাফল বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে পেশ করবে। এরপর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য এসব তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে তা প্রকাশের ওপর এসইসির বিধিনিষেধ রয়েছে। কারণ, পরিচালন মুনাফা প্রকৃত মুনাফা নয়। ফলে পরিচালন মুনাফার তথ্যে শেয়ারে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হতে পারে। সাধারণত আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) এবং সরকারকে কর আলাদা করা হলে প্রকৃত মুনাফা কমে আসে। প্রভিশন ও কর-পরবর্তী মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।

বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে পরিচালন মুনাফার যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, ২০২০ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) পরিচালন মুনাফা গত বারের চেয়ে বেশি করেছে রূপালী ব্যাংক। ছয় মাসে পরিচালন মুনাফা করেছে ১৩০ কোটি টাকা। গত বছরের এই সময়ে যা ছিল ৭৫ কোটি টাকা। অগ্রণী ব্যাংক ৫১২ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৩১ কোটি টাকা। বেসরকারি সাউথইস্ট ব্যাংকের ছয় মাসে পরিচালন মুনাফা হয়েছে ৩৪২ কোটি টাকা, যা আগের বছর ছিল ৫০৬ কোটি টাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ৩০৫ কোটি টাকা। গত বছরের এ সময়ে যা ছিল ৪০০ কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২৪৭ কোটি টাকা। গত বছরের এ সময়ে যা ছিল ৩২৫ কোটি টাকা। পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪০৫ কোটি টাকা, বছরের এ সময়ে যা ছিল ৫৪০ কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা, বছরের এ সময়ে যা ছিল ৩৩১ কোটি টাকা।

আলোচ্য সময়ে ৯০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। বছরের এ সময়ে যা ছিল ৮৯ কোটি টাকা। সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১৭৫ কোটি টাকা। গত বছরের এ সময়ে যা ছিল ২৭৮ কোটি টাকা। এনসিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৬২ কোটি থেকে নেমে হয়েছে ২৯০ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক আগের বছরের প্রথম ছয় মাসে ২৬৪ কোটি টাকা মুনাফা করেছিল। এ বছরে তা হয়েছে ২০২ কোটি টাকা।

যমুনা ব্যাংকের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিচালন মুনাফা হয়েছে ২৮০ কোটি টাকা। গত বছরের এ সময়ে যা ছিল ৩১০ কোটি টাকা। মধুমতি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১২৫ কোটি টাকা। গত বছরের এ সময়ে যা ছিল ৯৮ কোটি টাকা। এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা ৩৩০ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩১৭ কোটিতে। সাউথ বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭০ কোটি টাকা। গত বছরের এ সময়ে যা ছিল ৯০ কোটি টাকা। মেঘনা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১২ কোটি টাকা, গত বছরের এ সময়ে যা ছিল ৪৫ কোটি টাকা।