পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৬

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৩৫

বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বজ্রপাতে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় সকালে মাছ ধরতে গিয়ে বজ পাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন। পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে সাঁকোয়া নদীতে মাছ ধরার সময় বজ পাতে একই গ্রামের জাহেদুল ইসলাম ও রাকিব হাসান ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় বাচ্চা মিয়া ও শফিকুল ইসলাম। আহতদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ী নামক স্থানে মাছ ধরার সময় বজ্রপাতে পূর্ব বেজগ্রামের মন্টু মিয়া ও একই গ্রামের ভাতি মিয়া নিহত হয়। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পঞ্চগড় : পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামসহাট ইউনিয়নের কাহারপাড়া গ্রামে বজ্রপাতে গরুসহ এক কৃষক নিহত হয়েছে। নিহত মহেশ চন্দ্র ঐ গ্রামের মহেন্দ্র নাথ রায়ের ছেলে। এসময় মহেশ হাল-চাষ করছিল। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বজ্রপাতে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোমার (নীলফামারী) : ডোমার উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামী আব্দুল মান্নান গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সকাল ৬টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস এলাকায় এ ঘটনা ঘটে। নওদাবস এলাকায় বাড়ির পাশে বৃষ্টিপাতের মধ্যেই জাল দিয়ে মাছ ধরছিল আব্দুল মান্নান। তার পাশে দাঁড়িয়েছিল স্ত্রী ফাতেমা। এ সময় হঠাত্ বজ্রপাত হয়। ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।