শেরপুরে সাত হাজার টাকার জন্য প্রাণ গেল যুবকের

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:১০

শেরপুরে মাত্র সাত হাজার টাকা পাওয়া নিয়ে বন্ধুর লাঠির আঘাতে প্রাণ গেলো আরেক বন্ধুর। নিহত বন্ধুর নাম মো. সোহাগ মিয়া (২৫)।  সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতের ঘটনা। সোহাগের নিকট থেকে তার বন্ধু একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাগর সাত হাজার টাকা সুদে ধার নেয়। কিন্তু বাজির সেই টাকা পরিশোধে সোহাগ তালবাহানা করে। এতে সাগর ক্ষিপ্ত হয়ে যায়। পরে ওই রাতে মীমাংসার কথা বলে কৌশলে সোহাগকে বাড়ি থেকে পাশের রানীরহাট বটতলা মোড় ডেকে নিয়ে যায় সাগর।

এসময় সাগরের সঙ্গে তার কয়েকজন সহযোগী ছিলো। পরে পাওনা জুয়ার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সাগর লাঠি দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। এতে সোহাগ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু এলাকায় সোহাগ মারা যায় বলে সূত্র জানায়।

জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।