আখচাষিদের প্রণোদনা প্রদান
নাটোর প্রতিনিধি নাটোর চিনিকলের ৩ হাজার ৫৯ জন কৃষকের মধ্যে প্রণোদনার মোট ৯৯ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেছে চিনিকল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টায় চিনিকলের হিসাব বিভাগের সার্ভার কক্ষে চাষিদের মোবাইল ফোনে শিওর ক্যাশের মাধ্যমে প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রুস্তম আলী।
গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন সরকারি বরাদ্দকৃত ঐ বাইসাইকেল বিতরণ করেন।
কৃষি উপকরণ বিতরণ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে সিআইজি সমিতির মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেস-২ প্রকল্পের এআইএফ-২ ম্যাচিং গ্র্যান্ডের আওতায় বৃহস্পতিবার সকালে দুইটি সিআইজি সমিতির মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বান্দরবান প্রতিনিধি ছাত্রলীগের উদ্যোগে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সদরের মেঘলায় স্মৃতিস্তম্ভ এলাকায় ফলজ গাছের চারা লাগিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।
মাধবদীতে জোনিং কার্যক্রম মূল্যায়নে প্রেস ব্রিফিং
নরসিংদী প্রতিনিধি মাধবদী পৌরসভা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার করোনা প্রতিরোধকল্পে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে উত্তর ও দক্ষিণ বিরামপুর ঝুঁকিপূর্ণ এলাকায় (রেড জোন) বাস্তবায়িত কার্যক্রমের ওপর এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নাসিরনগর শাখার পক্ষ থেকে নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর জামিয়া কাসেমীয়া মাদ্রাসা চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা এ কে এম আশরাফুল হক।
দফাদার ও গ্রাম পুলিশের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাণীনগরে দফাদার ও গ্রাম পুলিশের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার থানা প্রাঙ্গণে ব্যক্তি উদ্যোগে এসব বিতরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক। তিনি উপজেলার ৬৫ জন দফাদার ও গ্রাম পুলিশের মাঝে হ্যান্ড গ্লোভস, মাস্ক ও সাবান বিতরণ করেন।
বন্যায় ক্ষতিগ্রস্তরা পেল খাবার
সুনামগঞ্জ প্রতিনিধি গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী, কালিপুর, গণিপুর ও হাছস এলাকায় বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এসব এলাকার ক্ষতিগ্রস্ত ৫৫০টি পরিবারের মাঝে মুড়ি, চিড়া, গুড়, মোমবাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
