ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের প্রাতঃ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদিমাল, স্বর্ণলংকার, ফার্মেসী ও সেলুন রয়েছে।
খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. আল আমিন সরকার জানান, আগুনের খবর পেয়ে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ১২টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
