আগেই জানিয়ে দিয়েছিলেন, তৃতীয় মেয়াদে আর দায়িত্ব পালন করবেন না। সে জন্যই নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। নতুন চেয়ারম্যান নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা।
সংবাদমাধ্যমের খবর, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান কলিন গ্রেভস হতে পারেন আইসিসির নতুন চেয়ারম্যান। তবে প্রবল আলোচনায় আছেন ভারতীয় বোর্ডের সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ বলেছিলেন, বিসিসিআই সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি। তার আগে সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড গাওয়ারও আইসিসির ভবিষ্যত্ প্রধান হিসেবে সৌরভের সম্ভাবনার কথা বলেছিলেন।
শশাঙ্কের পদত্যাগের ব্যাপারে বুধবারের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইসিসি। ধারণা করা হচ্ছে, নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে আইসিসির বোর্ড কর্তৃক অনুমোদিত হবে।মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন খ্যাতিমান এই ভারতীয় আইনজীবী। প্রথমে দুই বছরের জন্য দায়িত্ব নিলেও ১০ মাস পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। পরে বোর্ডের অনুরোধে সাময়িকভাবে দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন। শেষ পর্যন্ত মতো বদলে পুরোপুরিই থেকে যান দায়িত্বে।
২০১৮ সালে টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছরের জন্য আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন মনোহর। তবে এবারের মেয়াদ শেষে আর দায়িত্বে থাকবেন না, আগেই জানিয়ে দেন তিনি।
