করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে দেশের অভ্যন্তরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ। মাঠের ক্রিকেট বন্ধ থাকলেও করোনাকালে দেশের প্রধান ক্রিকেট স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ অব্যাহত ছিল। মহামারির মাঝেও মিরপুর স্টেডিয়াম, চট্টগ্রামের সাগরিকা, সিলেট স্টেডিয়াম, ফতুল্লা, কক্সবাজার, খুলনা, রাজশাহী স্টেডিয়ামে বিসিবির নিত্যকর্ম বহাল ছিল।
পিচ, আউটফিল্ড, অন্যান্য সুযোগ-সুবিধা ঠিকঠাক রাখতে অন্তত ১০০ গ্রাউন্ডসম্যান কাজ করে গেছেন করোনার মধ্যে। উইকেটে পানি দেওয়া, ঘাস কাটা সবকিছুই হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেট পুনরায় শুরুর জন্য মাঠগুলো এখন প্রস্তুত। কোভিড-১৯ কালীন স্বাস্থ্যবিধি মেনে মাঠগুলোতে জীবাণুনাশক ছিটানো হয়েছে। বিসিবির কর্মীরাও স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। পর্যাপ্ত পরিচ্ছন্নকর্মীও বিসিবি প্রাঙ্গণে নিয়োজিত আছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা মনে রেখেছি যে দ্রুত আমাদের ক্রিকেটারদের মাঠে ফেরাতে হবে। পুনরায় শুরুর প্রক্রিয়া আরম্ভ হবে অনুশীলন দিয়ে এবং এজন্য আমরা আমাদের মাঠ, অনুশীলন সুবিধা পুরোপুরি প্রস্তুত রেখেছি।’
