আড়াই মাস অপেক্ষার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত অর্থায়নে চালু হয়েছে নারায়ণগঞ্জ সরকারি করোনা হাসপাতালের আইসিইউ (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র)। স্বাস্থ্য অধিদপ্তরের খাতা-কলমে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট থাকলেও বাস্তবে সেটি উদ্বোধন হলো গতকাল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরেও সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসায় স্থানীয় এমপির ব্যক্তিগত তহবিলের ২৫ লাখ টাকায় সেই যন্ত্রপাতি কেনার পরই চালু হলো এই আইসিইউ। নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে (কোভিড হাসপাতাল) ১০ শয্যার এই আইসিইউ উদ্বোধন করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় এমপি একেএম সেলিম ওসমান। এদিকে হাসপাতালের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের খাবার বাবদ সরকারি বরাদ্দের ৩০ লাখ টাকা ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় সেই তহবিলও ফেরত গেছে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউ উদ্বোধন শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সেলিম ওসমান এমপি ক্ষোভ জানিয়ে বলেন, অতীতে এই হাসপাতালটিতে পুকুর চুরি হয়েছে। গত পাঁচ বছর ধরে আমি এই হাসপাতাল নিয়ে কাজ করছি।
