পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, এক সময় করোনা চলে যাবে, তখন কি হবে? আমরা কি আগের অবস্থায় ফিরে যাব? তিনি বলেন, না, আমরা যেখানে গিয়েছি সেখান থেকে আর ফিরে আসব না। সেখান থেকে আরো এগিয়ে যাব। তিনি বলেন, মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা কেনা যায় না, অর্জন করতে হয়। গতকাল পুলিশ সদর দপ্তরে পাঁচ দিনব্যাপী এক কর্মশালায় শেষ দিন গতকাল বৃহস্পতিবার অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশকে জনবান্ধব, আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে ইনোভেশন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস শাখা আয়োজিত এ কর্মশালায় সব পর্যায়ের পুলিশ সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
আইজিপি বলেন, জনগণের পুলিশ হতে হলে জনগণকে ভালোবাসতে হবে। তাদের জন্য কাজ করতে হবে, তাদের কাছে যেতে হবে। দমন-পীড়ন থেকে বেরিয়ে এসে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে সব ধরনের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে যুক্ত থাকতে পারবে না, মাদকমুক্ত পুলিশ তথা দেশ গড়ে তুলতে হবে।
