বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে ‘জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে গাজীপুর সদরের বিভিন্ন মসজিদের ৩৫ জন ইমাম, খতিব ও খাদেম অংশগ্রহণ করেন। শাকসবজি, ফল ও পান ফসলের পোকমাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রধান অতিথি থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। বারির কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং প্রকল্প পরিচালক ড. দেবাশীষ সরকার এতে সভাপতিত্ব করেন।
