প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে
হুইলচেয়ার বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চারজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার, দুজনকে শ্রবণযন্ত্র ও একজনকে চশমা দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও খাদিজা আক্তার।
আটরশি দরবার শরীফের কর্মী গ্রুপের মিশন সভা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা বিশ্ব জাকের মঞ্জিলে আগামী ১৬, ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি শাহানশাহে তরিকত জামানার মুজাদ্দেদ বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী (রা.) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা কর্মী গ্রুপের বিশ্ব উরশ শরীফ-২০১৯ এর মিশন সভা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। দরবার শরীফের বিশিষ্ট খাদেম হযরত মাওলানা কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহর সভাপতিত্বে রায়পুর জলছা ঘরে অনুষ্ঠিত এ মিশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপ প্রধান সি.ইন. সি. এম. এ রশিদ (দাদা)। সভা শেষে উরশ শরীফের সফলতা এবং বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন দরবার শরীফের বিশিষ্ট খাদেম হজরত মাওলানা কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ।
দিনাজপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লীতে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ১২ দশমিক ৩৩ কি.মি কাঁচা রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলার পলিপ্রয়াগপুর ইউপি’র সামনে থেকে দেবীপুর হয়ে সুজানগর পর্যন্ত ১২ দশমিক ৩৩ কি.মি কাঁচা রাস্তা নির্মাণের জন্য তিনটি প্যাকেজে নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর কমিউনিটি সেন্টারের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা বৃহস্পতিবার সৈয়দপুরে বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভারন্যান্স এন্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় নির্মাণাধীন পৌর কমিউনিটি সেন্টারের প্রথম তলার ছাদের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি এমজিএসপি প্রজেক্টের এমডিএস কনসালটেন্ট ও সিনিয়র মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মো. আব্দুল কুদ্দুস খান ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পৌর সচিব আশিষ কুমার সরকার, প্রজেক্ট সুপারভাইজার ও সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী প্রমুখ।
স্বরূপকাঠিতে কলেজ শিক্ষকের
বিদায় সংবর্ধনা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের বাংলা বিষয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোসা. শেফালী বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লা আল মামুন বাবু। কলেজ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী সহকারী অধ্যাপক মোসা. শেফালী বেগম, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর, পরিমল চন্দ্র বিশ্বাস, প্রভাষক মো. আলাউদ্দিন মিয়া, মো. আশফাকুর রশিদ রব্বানী ও শিক্ষার্থী হিবা আনিকা প্রমুখ।
আদমদীঘিতে ছাত্রলীগের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বাংলাদেশ ছাত্রলীগ ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাজু খান মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজলের সভাপতিত্বে আরেফিন খান তনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, ছাত্রলীগ নেতা জাফরান হোসেন রিফাত, কলেজ ছাত্রলীগ নেতা একরুমুল হক শুভ, আহসান হাবীব জয় প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি মেডিক্যাল ক্যাম্প শুভ উদ্বোধন করেন।
দেবীগঞ্জে ১২ পিস ইয়াবাসহ
যুবক আটক
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বীজির ডাঙ্গা ব্রিজ এলাকা থেকে গত বুধবার সন্ধ্যায় দেবীগঞ্জ থানা-পুলিশ ১২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম আসান আলী ৩৫, পিতা জমসের আলী। তার বাড়ি উপজেলার চুুরাডাঙ্গী গ্রামে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, অনুমান করা হচ্ছে, সে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
