সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠন আদেশ অনুযায়ী রবিবার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচার কাজ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল বৃহস্পতিবার বিকালে বেঞ্চ পুনর্গঠন সংক্রান্ত আদেশ জারি করেন। ওই আদেশ অনুযায়ী প্রধান বিচারপতির সভাপতিত্বে চার বিচারপতির সমন্বয়ে বসবে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চ। আর আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মোঃ ইমান আলীর সভাপতিত্বে তিন বিচারপতির সমন্বয়ে বসবে দ্বিতীয় বেঞ্চ। প্রধান বিচারপতির বেঞ্চ পুনর্গঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, দুটি বেঞ্চে বিচার কাজ চললে আপিল বিভাগে যে মামলা জট রয়েছে তা দ্রুত হ্রাস পাবে। এর ফলে লাঘব হবে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ।
প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৯ হাজার ৬১৯টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৩ হাজার ৭২টি। ফৌজদারি মামলা ৬ হাজার ৪২৫টি। আর আদালত অবমাননা সংক্রান্ত আবেদন রয়েছে ১২২টি। বেঞ্চ পুনর্গঠন প্রসঙ্গে হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোঃ সাইফুর রহমান ইত্তেফাককে বলেন, বিচার কাজে গতিশীলতা আনয়নের জন্যই আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালনা করতে দুটি বেঞ্চ করে দিয়েছেন প্রধান বিচারপতি। এর ফলে মামলা দ্রুত নিষ্পত্তি হবে।
২০১৭ সালের ৩ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ছুটিতে যান। তার ছুটিতে যাওয়ার পর আপিল বিভাগে বিচারক সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। এই বিচারক সংকটের কারণে তত্কালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিঞা বেঞ্চ পুনর্গঠন করেন। ফলে আপিল বিভাগের দুটি বেঞ্চের পরিবর্তে একটি বেঞ্চে বিচার কাজ চলে। গত বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন। ওই নিয়োগের পর আপিল বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়ায় সাতজনে। ফলে বিচারক সংকট না থাকায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বেঞ্চ পুনর্গঠনের আদেশ জারি করেন। ওই আদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে থাকবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মোঃ নূরুজ্জামান। আর বিচারপতি মোঃ ইমান আলীর নেতৃত্বাধীন দ্বিতীয় বেঞ্চে রয়েছেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।
চেম্বার জজের দায়িত্বে বিচারপতি মোঃ নূরুজ্জামান
আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি মোঃ নূরুজ্জামান। গতকাল প্রধান বিচারপতি এ সংক্রান্ত আদেশ জারি করেন। ওই আদেশ অনুযায়ী তিনি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়সূমহ নিষ্পত্তি করবেন।
