যুক্তরাষ্ট্রে অব্যবস্থাপনায় বন্ধ ন্যাশনাল পার্ক

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:১৭

ট্রাম্প প্রশাসনের অচলাবস্থার ধাক্কা লেগেছে ন্যাশনাল পার্কগুলোতে। চরম অব্যবস্থাপনার কারণে বন্ধ করা হয়েছে দুটি পার্ক। মার্কিন গণমাধ্যম সিএনএন’র খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে মার্কিন সরকারের ২৫ শতাংশের বেশি কর্মী পে-চেক ছাড়া কাজ করছে অথবা আদৌ কাজ করছে না। যে কারণে পরিচ্ছন্নতা কর্মীদের সংকট দেখা দিয়েছে ন্যাশনাল পার্কগুলোতে। যার মধ্যে রয়েছে, জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক এবং যোশেমাইট ন্যাশনাল পার্ক। কর্মীর অভাবে পার্কগুলোর পয়ঃ ব্যবস্থা ভেঙে পড়েছে। মল-মূত্র টয়লেট ছাপিয়ে বাইরে ছড়িয়ে পড়ায় পার্কগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।

খবরে বলা হয়, মার্কিন প্রশাসনে অচলাবস্থার মধ্যেই ক্যালিফোর্নিয়ার জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক খোলা রাখার সিদ্ধান্ত ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে বুধবার থেকে ন্যাশনাল পার্ক সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। ‘রেস্ট রুম’ এর অভাবে রবিবার থেকে বন্ধ করা হয়েছে যোশেমাইট ন্যাশনাল পার্ক। বর্জ্য ব্যবস্থাপনা বন্ধ থাকায় পার্কটি পরিদর্শনকারীদের জন্য অরক্ষিত হয়ে পড়েছে। খবরে আরও বলা হয়েছে, শিগগিরই অচলাবস্থার অবসানের লক্ষণ নেই। পার্কগুলোতে কর্মী সংকট ও অপরিচ্ছন্নতা চরমে। পার্কগুলোর ওয়েবসাইটেও এসব বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে না। যে কারণে দর্শনার্থী বেড়াতে এসে বিপাকে পড়ছে।