পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশের যে কোনো ক্রান্তিকালে পুলিশ বাহিনী বুকের তাজা রক্ত দিতে কার্পণ্যবোধ করেনি। যেমনটা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়। থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকবাহিনীর সামনে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়েছিলেন আমার পূর্বসূরিরা। এছাড়াও ২০১৪ সালে আগুন সন্ত্রাসীদের হামলায় ১৭ জন পুলিশ সদস্য নিহত এবং ২৫০ জন আহত হয়েছিলেন।
বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জসহ সারাদেশে একটি অবাধ ও সুষ্ঠু ভোট উপহার দিতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে সবাইকে ধন্যবাদ জানান পুলিশ মহাপরিদর্শক। তিনি পুলিশ বাহিনীকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার কঠোর নির্দেশ দিয়ে বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান পরিচালনা করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর-বন্দর আসনের নবনির্বাচিত এমপি সেলিম ওসমান, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমান, সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সংরক্ষিত আসনের নারী এমপি অ্যাড. হোসনে আরা বাবলী, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, (ডিএসবি) ফরুক হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, ডিবির ইন্সপেক্টর এনামুল হকসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
