ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশে আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। এসময় পুলিশের পাল্টা গুলিতে কমপক্ষে ৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের মধ্যে ৫ জনই পুলিশ সদস্য।
বৃহস্পতিবার গভীর রাতে উত্তর প্রদেশের কানপুরের বিকারু গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পুলিশ জানায়, বিকাশ দুবে নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করতে বিকারু যায় পুলিশের একটি দল। ওই আসামির বিরুদ্ধে ৬০টিরও বেশি মামলা রয়েছে। সম্প্রতি এক হত্যা মামলায় তাকে গ্রেফতার করতে যায় পুলিশ। পুলিশ ওই গ্রামে ঢুকতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা।
পুলিশও আরও জানায়, সন্ত্রাসীরা বাড়ির ছাদে উঠে তিন দিক থেকে পুলিশের উপর গুলিবর্ষণ করে। ফলে পুলিশ সদস্যরা নিহত হন। পুলিশের পাল্টা গুলিতে বিকাশ দুবের তিন সঙ্গী নিহত হলেও বিকাশের নাগাল পায়নি পুলিশ।
ওই ঘটনায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, এটি উত্তর প্রদেশ সন্ত্রাসবাদের আরও একটি প্রমাণ। যখন পুলিশই নিরাপদ নয়, তখন সাধারণ মানুষের কী হবে?’
আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং বলেছেন, যোগীজির রাজত্বকে ‘জঙ্গলরাজ’ বলাও খুব কম হবে। যোগী সরকার রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। ধিক্কার যোগী সরকার।
আরও পড়ুন: ভারত-চীন উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে মোদি
এদিকে, দেশটিতে পুলিশের এডিজি প্রশান্ত কুমার বলেছেন, ওই ঘটনায় ৭ জন আহত হয়েছেন (৫ পুলিশ, ১ হোম গার্ড ও ১ বেসামরিক ব্যক্তি)। পুলিশের কিছু অস্ত্রের খোঁজ পাওয়া যাছে না। এ নিয়ে তদন্ত চলছে।
ইত্তেফাক/আরআই
