আমাদের এদেশ সুজলা সুফলা,সবুজ শ্যামল
বাংলা
মো. সুজাউদ দৌলা. সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
স্বদেশ
আহসান হাবীব
প্রশ্ন-১। গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা?
উত্তর: গ্রাম বাংলার যে ছবিটি আমাদের চেনা: আমাদের এদেশ সুজলা সুফলা, সবুজ শ্যামল। এদেশের মাঠে মাঠে ফলে সবুজ ফসল। দখিনা বাতাস দোলা দেয় সে ফসলকে। ফসলের মাঠের বুক চিরে বয়ে চলে নদী। আঁকাবাঁকা নদীর দু তীরে অবারিত সবুজ মাঠ। মাঝে মাঝে গ্রাম। আবার মাঠ। গ্রামগুলো মাঠের সাথে মিশে এক হয়ে যায়। যেন মাঠের পরে মাঠ চলেছে। এর শেষ নেই। গ্রাম বাংলার এ ছবিটিই আমাদের চিরচেনা।
প্রশ্ন-২। কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?
উত্তর: ভূমিকা: আহসান হাবীব রচিত ‘স্বদেশ’ কবিতায় কবি বাংলাদেশের প্রকৃতির ছবি এঁকেছেন।
যে ছবি টাকা দিয়ে কেনা যায় না: বাংলাদেশ চিরসবুজের দেশ। এদেশের মাঠে মাঠে ফলে সবুজ ফসল। এ সবুজের বুক চিরে এঁকেবেঁকে বয়ে চলেছে নদী। নদীতে সারি সারি পালতোলা নৌকা চলে। গাছের সবুজ পাতার ফাঁকে শিস দেয় দোয়েল। এ প্রকৃতির একদিকে পাহাড় অন্যদিকে রয়েছে সাগর। সব মিলে অপরূপ এ প্রকৃতি। শিল্পী রং দিয়ে প্রকৃতির ছবি আঁকেন। সে ছবি হয়তো টাকা দিয়ে কেনা যায়। কিন্তু প্রকৃতির রং তুলিতে আঁকা বাংলাদেশের অপরূপ প্রকৃতির এ ছবি কেনা যায় না। এ ছবি অমূল্য, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তা বিক্রি করা যায় না।
প্রশ্ন-৩। কী দেখে ছেলেটির দিন কেটে যায়?
উত্তর: যা দেখে ছেলেটির দিন কাটে: বাংলাদেশের প্রকৃতি অপরূপ। এ প্রকৃতির রয়েছে মায়াবী যাদু। যে কেউ এ প্রকৃতির এ রূপ দেখে মুগ্ধ হয়ে বারবার দেখতে চাইবে। যেমনটি এদেশের মায়াবী প্রকৃতি ও মানুষের জীবন দেখে ছেলেটির দিন কেটে যায়।
প্রশ্ন-৪। ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ভূমিকা: এদেশের প্রকৃতি আর মানুষের জীবন মিলে যেন পরিপূর্ণ এক অপরূপ ছবি।
‘সব মিলে এক ছবি’ বলতে যা বোঝানো হয়েছে: ‘সব মিলে এক ছবি’ বলতে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার চিত্রকে বোঝানো হয়েছে। বাংলাদেশের প্রকৃতি চির সবুজ। এদেশের বুক জুড়ে রয়েছে ফসলের সবুজ মাঠ। সে সবুজকে ছুঁয়ে বয়ে যায় দক্ষিণা বাতাস। এদেশের গাছের সবুজ পাতার আড়ালে ডাকে পাখি। সবুজ মাঠের বুক চিরে বয়ে চলে নদী। নদীর দুপাশে গড়ে ওঠে গ্রাম। গ্রামের মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। তাদের পেশাও নানা রকমের। প্রকৃতির মতো তাদের জীবনযাত্রাও বৈচিত্র্যময়। কবি এই দেশ, এই প্রকৃতি আর মানুষকেই কবিতায় তুলে ধরেছেন। যেন দেশের মাটি,মানুষ,বাড়ি, বাগান,পাখ-পাখালি সবকিছু মিলে এক অপরূপ ছবি।
মন্তব্য: বাংলাদেশের প্রকৃতি অপরূপ সুন্দর। এদেশের প্রকৃতি দেখলে মনে হয় কোনো শিল্পীর আঁকা এক অপরূপ ছবি।
