ইন্ডাস্ট্রি সচলের জন্য মাল্টিপ্লেক্স খোলার আহ্বান

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৯:৫১

বিনোদন রিপোর্ট

 

করোনা প্রভাবে দীর্ঘদিন ঘরবন্দি মানুষ। তবে লকডাউনের পর আবারও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। বিনোদন জগতেরও সবকিছু শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তাই চলছে নাটক ও সিনেমার শুটিং।

মহামারির প্রভাবে সিনেমা ইন্ডাস্ট্রি এরমধ্যে বেশ ক্ষতিতে পড়েছে। যদিও শুটিং শুরু হয়েছে। তবে সিনেমা হল বন্ধ থাকলে সিনেমা শেষ করে আবারও ক্ষতির মুখে পড়তে হবে প্রযোজকদের। অন্যদিকে মাল্টিপ্লেক্সগুলোও লোকসানের হিসেব গুনছে। কারণ মাল্টিপ্লেক্সগুলোতে কর্মচারীর সংখ্যা বেশি থাকায় অনেককে একসঙ্গে আর্থিক সমস্যাং পড়তে হয়। তাই সার্বিক বিবেচনায় সিনেমা হল খোলার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি পাঠালো মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন। চিঠিতে লেখা হয়েছে, তারা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ শুরু করার পক্ষে একটা উদাহরণ হয়ে উঠতে পারে। সরকার এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় তারা সিনেমা হল খুলতে চান বলেও চিঠি উল্লেখ করেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, মাল্টিপ্লেক্স পেশায় প্রায় ২ লাখ মানুষ কাজ করেন। তারা করোনার এই বিশেষ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত। ১০ লাখেরও বেশি মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। দিনদিন তাদের ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। সিনেমা হল খুললে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকটা অংশ সচল হবে। চিঠিতে লেখা হয়, বিনোদন শিল্প এই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখ রয়েছে। তাই সরকারের সাহায্য প্রয়োজন। সিনেমা হল খোলার পরেও সবকিছু স্বাভাবিক হতে ৩-৬ মাস সময় লাগবে। সরকারের সহযোগিতা পেলে তারা সব সমস্যা সামলে নিতে পারবে।