স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী বছরেই। শেষ কিছুদিনে চুক্তি নবায়নের আলোচনা শুরু হলেও সম্প্রতি সে আলোচনা বন্ধ করে দিয়েছে মেসির পক্ষ। গত বৃহস্পতিবার এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক ক্যাদেনা সের।
গত জানুয়ারি থেকেই বার্সায় বেশ উত্তপ্ত পরিস্থিতিই বিরাজ করছে। কোচ আর্নেস্তো ভালভার্দের পদত্যাগ দিয়ে যার শুরু। এরপর ক্লাবের ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদাল এক সাক্ষাত্কারে বলে বসেন, ভালভার্দে যাওয়ার পেছনে হাত ছিল খেলোয়াড়দের।
বোর্ডের নির্ভরযোগ্য সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, বোর্ডের কর্মকর্তাদের সংবাদ মাধ্যমে এমন খবর ফাঁস করায় চটেছেন মেসি। যার ফলে চুক্তি নবায়ন নিয়ে আলোচনাও বন্ধ করে দিয়েছেন বার্সেলোনার সঙ্গে। এ ব্যাপারে মেসির বাবা হোর্হে মেসি কিংবা বোর্ড সভাপতি বার্তোমিউ দুজনের কেউই মন্তব্য করতে সম্মত হননি।
সাম্প্রতিক সময়ের বোর্ড রাজনীতিরও হাত আছে মেসির এই অনীহার পেছনে। শেষ কিছুদিনে আর্থার মেলো কিংবা জেসপার সিলেসেনের ক্লাব ছাড়ার পেছনেও ছিল ক্লাবের অর্থনৈতিক চিন্তার। বোর্ডের সামগ্রিক দলবদল নিয়েও যারপরনাই হতাশ, শেষ কিছু সাক্ষাত্কারেই যার দিকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন।
ক্যাদেনা সের জানাচ্ছে, হোসে মারিয়া বার্তোমিউ আবারও ক্ষমতায় এলে মেসির চুক্তি নবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ। আর তাই আগামীকাল শনিবার ২০২১ সালে আসন্ন নির্বাচনে সভাপতি পদের প্রার্থীরা বার্সা অধিনায়কের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যমটি।
ক্লাব ছাড়লে কোথায় যাবেন মেসি, এ নিয়েও জল্পনাকল্পনার শেষ নেই। সাবেক ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ জানাচ্ছে খেলোয়াড়টিকে পেতে আশাবাদী তারা।
