নোভাক জকোভিচ করোনায় আক্রান্ত হওয়ার দশম দিনে এসে করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেন। সঙ্গে তার স্ত্রীর ইয়েলেনা জকোভিচের করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। ব্যাপারটি জানিয়ে এক বিবৃতিতে তার গণমাধ্যম দল বলে, ‘বেল্গ্রেডে নোভাক আর তার স্ত্রীর পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। দুই জনে সার্বিয়ার রাজধানীতে নিজ বাড়িতেই নির্বাসনে ছিলেন। এ সময়ে দুই জনেই উপসর্গমুক্ত ছিলেন।’ জকোভিচ করোনায় আক্রান্ত হয়েছিলেন মূলত স্বআয়োজিত আদ্রিয়া ট্যুর টুর্নামেন্ট আয়োজন করে। টুর্নামেন্টটি খেলে গ্রেগর দিমিত্রভ প্রথম করোনায় আক্রান্ত হন, এরপর ক্রোয়াট বর্না কোরিচও এতে পজিটিভ প্রমাণিত হন। দুই দিন পর ফিটনেস কোচ মার্কো পানিচির শরীরেও করোনার অস্তিত্ব মেলে। টুর্নামেন্ট আয়োজনের কারণে এক বিবৃতিতে সবার কাছে ক্ষমাও চান জকোভিচ। বাতিল হয় চ্যারিটি টুর্নামেন্টটিও।
