মঠবাড়িয়ার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:০৪

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান রমা রানী মজুমদার শোভাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী ইসমাইল হাওলাদার নামে প্রতিপক্ষ এক মাদকব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দর স্লুুইজগেট মহল্লার নিজ বাসভবনে তিনি এ হামলার শিকার হন। তার মাথায় ছয়টি স্থানে ধারাল অস্ত্রের ক্ষত হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। ইসমাইল একই মহল্লার রত্তন হাওলাদারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া শহরের দক্ষিণবন্দর স্লুুইজগেট মহল্লার বাসিন্দা সাবেক নারী ভাইস চেয়ারম্যান রমা রানীর সঙ্গে প্রতিবেশী ইসমাইল হাওলাদারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ ইসমাইল মাদক কেনাবেচা ও সেবনে জড়িত হওয়ার পর পুলিশ তাকে ও তার পরিবারের সদস্যদের কয়েক দফা গ্রেফতার করে। সম্প্রতি মাদক মামলায় কয়েকদিন আগে জেল থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসে সে। বর্তমানে একই মামলায় ইসমাইলের মা ও বোন জেলহাজতে রয়েছে। বৃহস্পতিবার রাতে রমা রানী রান্নাঘরে কাজ করছিল। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে ইসমাইল ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় রমার চিত্কারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারী ইসমাইল পালিয়ে য়ায়। আহতাবস্থায় প্রতিবেশীরা রমা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সার্জন ডা. রাকিবুর রহমান বলেন, রমা রানীর মাথার ছয়টি স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তবে এখন তিনি কিছুটা আশঙ্কামুক্ত। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু বলেন, আহত নারী ভাইস চেয়ারম্যানের পক্ষ হতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।