দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে গত দুই দিন ধরে শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা দুর্ভোগের শিকার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে দুই সারিতে তিন শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন নদী পারের অপেক্ষায় আছে। এছাড়াও দৌলতদিয়া ট্রাক টার্মিনালে আগের দিন রাত থেকে আটকে আছে আরো শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান।
জানা যায়, বুধবার থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে একযোগে মানুষ ফিরতে শুরু করেছে কর্মস্থলে। কিন্তু দুটি ফেরি বিকল থাকায় এবং ড্রেজিং জনিত কারণে পাটুরিয়ার ৪ ও ৫ নং ঘাট দিয়ে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে না পারায় ঘাট এলাকায় যানবাহন আটকে পড়ছে। কুষ্টিয়া থেকে চাল বোঝাই করে আসা ট্রাক চালক আরোজ আলী জানান, তিনি বুধবার রাত ৮টায় দৌলতদিয়ায় এসে সিরিয়ালে আটকা পড়েছেন। বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও ফেরির নাগাল পাচ্ছি না। অথচ দালাল ধরে ট্রাফিক পুলিশের সহায়তায় রাতে অনেক গাড়ি সরাসরি ফেরিতে উঠে যায় বলে তিনি অভিযোগ করেন।
দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার একশ’র বেশি সেনাবাহিনী ও বিজিবি’র গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়েছে। তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনী দায়িত্ব শেষে ঢাকায় ফিরছিল। এ ছাড়া নির্বাচন জনিত কারণে এলাকায় ফেরা অসংখ্য মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যে কারণে ঘাটে বাড়তি চাপে যানবাহন আটকে পড়ছে। অবৈধ সুবিধা দিয়ে কোনো যানবাহন পার হচ্ছে না বলে তিনি দাবি করেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, রুটে ১৭টি ফেরির মধ্যে ৩ দিন ধরে মাধবীলতা ও দুই দিন ধরে রজনীগন্ধা নামের দুটি ফেরি বিকল হয়ে মেরামতে আছে। এছাড়া বাড়তি যানবাহনের চাপ ও পাটুরিয়া ঘাট সমস্যার কারণে স্বাভাবিক যান পারাপার ব্যাহত হচ্ছে।
