সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
অনলাইনে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের নারীসহ সাত সদস্যকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার বিকালে ঢাকার দনিয়া এলাকার একটি অফিস থেকে তাদের আটক করা হয়। রাতে র্যাব-১১ এর প্রধান দপ্তর আদমজী থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
র্যাবের এই কর্মকর্তা জানান, কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকালে কদমতলী থানাধীন দনিয়া এলাকায় ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লি. নামের একটি অফিস কক্ষে বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো—মো. মোসলেম উদ্দিন রানা, মো. ইসমাইল, মো. জালাল উদ্দিন, মো. শরিফ হোসেন, শবনম আক্তার, সুমাইয়া আক্তার রিভা ও বিথি আক্তার। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত কম্পিউটার, মোবাইল ফোন, সিলমোহর, চাকরির আবেদনপত্র, ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের রসিদ, চাকরি প্রার্থীদের নিবন্ধন ফরম ও নগদ অর্থ জব্দ করা হয়। এ সময় চাকরি প্রত্যাশী ৬০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
এই প্রতারক চক্রের মূলহোতা মোসলেম উদ্দিন রানা। সে দীর্ঘদিন ধরে ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লি. নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি খুলে বিভিন্ন কোম্পানির নামে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বেকার যুবক-যুবতিদের আকৃষ্ট করে। চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৫০০ টাকা ও প্রশিক্ষণ বাবদ ৭ থেকে ৯ হাজার টাকা করে হাতিয়ে নিত। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায়। আটককৃতদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার কদমতলী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
