আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দেরি নেই। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। ভোটযুদ্ধেদুই প্রার্থীর পক্ষের সিংহাসন দখলের লড়াই যখন আসন্ন, তখন যুক্তরাষ্ট্রে আকস্মিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে হাজির হয়েছেন এক নারী। আর তিনি হচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানো বাইডেনের পক্ষে ডিজিটাল চিফ অব স্টাফের (ডিসিএস) দায়িত্ব পাওয়া মেধা রাজ। নির্বাচনী প্রচারের মুখ্য দায়িত্ব পেয়ে ভারতীয় বংশোদ্ভূত এই নারী রাজনীতিবিদ মার্কিন গণমাধ্যমে ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছেন। আর বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় এবং ভারতীয় গণমাধ্যমও মেধাকে নিয়ে আলোচনা আরো সরগরম করে তুলেছে। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের লড়াইয়ে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন সেই আলোচনা এখন তুঙ্গে।
করোনা সংক্রমণের আশঙ্কায় এবং একটানা লকডাউনের জেরে ভোটের আগে অন্যবারের মতো প্রচার চালাতে পারছে না কোনও দলই। নির্বাচনী প্রচারে তাই দুই পক্ষেরই ভরসা ডিজিটাল মাধ্যম। এই মাধ্যমেই ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের হয়ে প্রচারণার ছক তৈরির গুরুদায়িত্বে ঝাপিয়ে পড়েছেনইন্দো-ভারতীয় এই তরুণী। মেধাও রীতিমতো উচ্ছ্বসিত বিষয়টি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সম্প্রতি লেখেন, এক মিনিট সময়ও নষ্ট করব না। কাজে লেগে পড়েছি। নিজের বুদ্ধি ও মেধা দিয়ে সুফল ঘরে তুলে আনার সর্বোচ্চ চেষ্টা করব।
