ইজিবাইকে নানির কোল থেকে ছিটকে নদীতে তিন শিশু

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৪৬

ডোমার উপজেলায় চলন্ত ইজিবাইকে নানির কোল থেকে ছিটকে নদীতে পড়েছে তিন শিশু। গতকাল শুক্রবার উপজেলার গোমনাতী-আমবাড়ি সড়কের ভাঙা ব্রিজে এ ঘটনা ঘটে। এক শিশু উদ্ধার হলেও অপর দুই ভাই-বোন নিখোঁজ রয়েছে। এলাকাবাসীসহ ডোমার ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করছে।

জানা যায়, উপজেলার জোড়াবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী রওশনারা বেগম (৫৫) তার ছোট মেয়ের দুই সন্তান লিপু (১০) ও নূরে জান্নাত মনিসসহ (৫) বড় মেয়ের বাড়ি গোমনাতীতে বেড়াতে যায়। নানি রওশনারা বড় মেয়ের ৬ বছরের ছেলে মনোয়ার হোসেনসহ ব্যাটারি চালিত ইজিবাইকে করে জোড়াবাড়ি গ্রামে ফিরছিলেন। পথে ঐ ব্রিজের ভাঙা অংশে ইজিবাইকটির চাকা পড়ে গেলে ইজিবাইকটি একদিকে হেলে যায়। এতে ইজিবাইকে নানির কোলে থাকা তিন শিশু ছিটকে নদীতে পড়ে যায়। এসময় নানি রওশনারা বেগমও নদীতে ঝাঁপিয়ে পড়েন। তিনি তার বড় মেয়ের ছেলে মনোয়ার হোসেনকে উদ্ধার করতে পারলেও ছোট মেয়ের দুই সন্তানকে খুঁজে পাননি। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ উদ্ধার কাজে নদীতে নেমে পড়েন। নিখোঁজ শিশু দুইটি জোড়াবাড়ি গ্রামের রব্বানীর ছেলেমেয়ে।

ডোমার ফায়ার সর্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, ‘নদীতে তীব্র স্রোত। রংপুর হতে তাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (গতকাল বিকাল সাড়ে ৫টা) নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হয় নাই।