প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মো. নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নুরুল আমিন চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবর হোসাইন চৌধুরী। গতকাল শুক্রবার ওসি মীর মো. আবদুন নাসের এ তথ্য জানান।
অভিযুক্ত ঐ চিকিত্সক জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের বাসিন্দা। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ডা. নুরুল আমিন চৌধুরী বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করতেন। ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মো. নাসিম মারা যাওয়ার পর ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। তার এ স্ট্যাটাস ভাইরাল হলে আওয়ামী লীগ তথা অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। সূত্র জানায়, তার বাবা জামায়াতের রোকন সদস্য। এর আগে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে শোকজ করা হয়েছিল। পরে স্ট্যান্ডরিলিজ করে গোয়াইনঘাটে বদলি করা হয়। জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের জানিয়েছেন, ‘গত বুধবার মামলা রেকর্ড হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।’
