সিলেটে ঝুঁকির মুখে ধলাই ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৫৩

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত ধলাই ব্রিজটি ঝুঁকির মুখে পড়েছে। চলমান বন্যা ও পাহাড়ি ঢলে পূর্ব পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি ও নিচের বেশকিছু ব্লকও ভেসে গেছে। এর আগে বিভিন্ন স্থানে রেলিং ভেঙে যায়। সেতুর  কোনো কোনো অংশে ঢালাই খসে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে রড এখন দৃশ্যমান। এতে পাথরবাহী ট্রাক, ট্রাক্টর উঠলেই কাঁপতে থাকে ব্রিজটি। তাই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকাবাসী জানান, ব্রিজটি দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রামের ৩০ সহস্রাধিক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি দেশের সর্ববৃহত্ ভোলাগঞ্জ কোয়ারি থেকে সারাদেশে পাথর পরিবহন সহজতর হয়। কিন্তু ২০১৪ সালে সেতুটির নানাস্থানে ত্রুটি ধরা পড়ে। তখন সওজের উদ্যোগে সেতুটির ত্রুটি সারানো হয়। কিন্তু বর্তমানে সেতুটি আবার ঝুঁকির মধ্যে পড়েছে।

উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ বলেন, ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনার আগেই দ্রুত সেতুটির সংস্কার প্রয়োজন। সূত্র মতে এলজিইডির তত্ত্বাবধানে ধলাই নদীর ওপর ২০০৬ সালে সেতুটি নির্মিত  হয়। ঐ বছরের ৯ সেপ্টেম্বর তত্কালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সেতুর উদ্বোধন করেন। ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৫ মিটার প্রস্থের এ সেতুটি সিলেট বিভাগের দীর্ঘতম সেতু। কিন্তু উদ্বোধনের পর থেকেই সেতুটি যথাযথ রক্ষণাবেক্ষণ ও দেখভাল নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন। বৃহস্পতিবার সওজ-এর নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া ব্রিজটি পরিদর্শন করেন। তিনি জানান, ব্রিজের ওপর দিয়ে পাথরবাহী ভারী যানবাহন চলাচল করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ভাঙা অংশে আপাতত স্টিল ডেক বসিয়ে দেওয়া হবে। পানি কমলে যা করা লাগে তাই করা হবে।