কুষ্টিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়া শহরের থানাপাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে। তরিকুল শহরের চর কুঠিপাড়ার কামরুল আলী ওরফে কামুর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতো স্থানীয় যুবকরা বিকালে মাঠে ফুটবল খেলছিল। এ সময় চর থানাপাড়ার আব্দুস সালামের ছেলে মিনারুল ইসলামের সঙ্গে তরিকুল ইসলামের তর্কবিকর্ত শুরু হয়। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিনারুলের পকেটে থাকা ছুরি দিয়ে তরিকুলের ওপর উপর্যুপরি আঘাত করে। পরে গুরুতর অবস্থায় তরিকুলকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
