কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েটের বাসভবনের কাছ থেকে এক সশস্ত্র সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সশস্ত্র সেনা সদস্য কেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকায় প্রবেশ করেছিলেন তা এখন পর্যন্ত জানানো হয় নি।
সেইসঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি বলে খবরে বলা হয়েছে।
কানাডার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর ওই সদস্যকে অস্ত্রসহ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির পুলিশ বলছে, অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের অফিশিয়াল বাসভবনের খুব কাছাকাছি এলাকায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন ওই সশস্ত্র সেনাসদস্য।
পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজন ব্যক্তি বৃহস্পতিবার ভোরবেলায় একটি গাড়ি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। তিনি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন। একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। কোনো ধরণের অঘটন ছাড়াই তাকে ধরে ফেলে টহলরত পুলিশ।
তবে ঘটনার সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদেরর সরকারি বাসভবনে ছিলেন না।
২০১৯ সালে কানাডার নিরাপত্তা বাহিনী জাস্টিন ট্রুডোর ওপর হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছিল। পার্স টুডে।
ইত্তেফাক/এসআর
