সবুজবাগে সেই নারীর ঘাতক গ্রেফতার

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০০:১০

রাজধানীর সবুজবাগ থানা এলাকার ?কুসুমবাগে খুন হওয়া অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকে হত্যার অভিযোগে সাদা মিয়া (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। খুন হওয়া ঐ নারীর নাম মোছা. পলি (৩৫)। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানার বাদুরতলা। গত ১৬ জুন রাতে কুসুমবাগের সেলিম মিয়া নামে এক ব্যক্তির বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে পলির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম বলেন, ‘মৃত ঐ নারীর হাত বাঁধা ও মুখমণ্ডল কাপড় দিয়ে পেঁচানো ছিল। এ ঘটনায় ১৭ জুন পুলিশ একটি হত্যা মামলা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গাইবান্ধা জেলার সাঘাটা থানার পুটিমারী হতে হত্যার অভিযোগে সাদা মিয়াকে গ্রেফতার করা হয়। ওসি আরো বলেন, ‘সাদা মিয়া একজন সিএনজি চালক। তিনি কুসুমবাগের ঐ বাড়িতে ভাড়া থাকতেন। সাদা মিয়া পলিকে ১৩ জুন সন্ধ্যায় তার বাসায় অনৈতিক কাজের জন্য আনলে এক পর্যায়ে বাদানুবাদে তাকে শ্বাসরোধে হত্যা করেন। লাশ গুম করার জন্য তাকে ঐ খানে ফেলে চলে যান সাদা মিয়া।’