বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিত্সার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে সোমবার। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান বলেন, উনি (সাহারা খাতুন) এখনো আইসিইউতে আছেন। চিকিত্সকরা বলেছেন, এখন ওনার শরীরের যে অবস্থা তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করতে পারবেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলেও জানান মজিবুর রহমান।
জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের নেওয়া হয় আইসিইউতে। এখনো তিনি সেখানে আছেন।
