মামলার এক দিন আগেই থানায় ডেকে নিয়ে আটক!

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০০:৩৫

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় একটি পেট্রোল পাম্প নিয়ে দ্বন্দ্বের জেরে দায়ের করা মামলায় পাম্প ব্যবসায়ী মাসুদ আহমেদসহ দুই জনকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। তবে মামলা দায়েরের এক দিন আগেই তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নন্দীপাড়ার এইচটিএস রিফুয়েলিং স্টেশনের মালিক মাসুদ আহমেদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের ৯ কাঠা জমির পেট্রোল পাম্পটি দখল করার জন্য ঐ জমির পেছনের ৩২ শতাংশ জমির মালিক ডা. হুমায়ন কবির বুলবুল মিথ্যা অভিযোগ দিয়ে বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করেছেন। কিন্তু এই মামলা দায়েরের আগেই গত বুধবার পুলিশ মাসুদ আহমেদ ও জিয়াউর রহমান পিন্টুকে খিলগাঁও থানায় ডেকে নিয়ে আটক করে। পরদিন মামলা হলে তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে গতকাল খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, জমি দখলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।