কেরানীগঞ্জে সাব-রেজিস্ট্রার অফিস ও ব্যাংকের বুথ থেকে মালামাল চুরি

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০০:৩৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সাব-রেজিস্ট্রার অফিস ও এনআরবিসি ব্যাংকের বুথ ভেঙে আটটি মনিটর, ১০টি কম্পিউটারসহ বেশ কিছু মালামাল চুরি হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আসলাম হোসেন জানান, শুক্রবার ভোরের যে কোনো সময় চুরির ঘটনা ঘটেছে।

সাব-রেজিস্ট্রার মৃতরঞ্জন শিকারি বলেন, অফিসের আটটি মনিটর ও ১০টি কম্পিউটার চুরি হয়েছে। তাদের কোনো টাকা খোয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন দলিল লেখক বলেছেন, ব্যাংকের বুথ ও অফিসে রক্ষিত বেশ কিছু টাকা চুরি হয়েছে।

এনআরবিসি ব্যাংকের বুথের দায়িত্বে থাকা শহিদুল ইসলাম জানান, টাকা চুরি হওয়ার ঘটনা আমি কিছু বলতে পারব না। হেড অফিসের স্যারেরা এ ব্যাপার থানায় মামলা করবেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন। ব্যাংকের পক্ষ থেকে টাকা চুরি হওয়ার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। আমরা চোরদের আটক করার চেষ্টা করছি।