নির্বাচন বাতিল দাবিতে অবস্থান কর্মসূচি বাম জোটের

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:৩০

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর ফলাফল বাতিল দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টার এ কর্মসূচি থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। গতকাল সারা দেশে এই কর্মসূচি পালন করে বাম জোট। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালনের পর দুপুর ১২টার দিকে বাম গণতান্ত্রিক জোটের পক্ষে লিখিত বক্তব্য পড়েন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।

অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে নির্বাচনে জোটের ১৩১ জন প্রার্থীকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। অবস্থান কর্মসূচিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমউনিস্ট লীগের নেতা মোশাররফ হোসেন নান্নু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতনসহ বাম গণতান্ত্রিক জোটের অন্য নেতারা অংশ নেন।