বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী টানা তৃতীয়বারের মতো মহাবিজয়ের রেকর্ড সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে মহাজোট প্রার্থীদের বিপুল বিজয়ের কৃতিত্ব শেখ হাসিনার। বিকল্পধারা আশা করে, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়করধারা বাংলাদেশকে পৃথিবীর অগ্রগামী দেশগুলোর কাতারে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের পাশাপাশি সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার অব্যাহত অবদান তাকে স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করবে। এই লক্ষ্য অর্জনে বিকল্পধারা সবসময় শেখ হাসিনার পাশে থাকবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বি. চৌধুরী তার বারিধারার বাসায় বিকল্পধারার বিশেষ যৌথসভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন। এসময় তিনি বিকল্পধারার নবনির্বাচিত দুই সংসদ সদস্য- দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরীকেও অভিনন্দন জানান।
আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বি. চৌধুরী। এর আগে বিকল্পধারার নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল মান্নান ও মাহী বি. চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, সমশের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী, আবদুর রউফ মান্নান, মুহম্মদ ইউসুফ, আনোয়ারা বেগম প্রমুখ।
