ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির গুরুতর অভিযোগ লিঙ্কডইন-এর বিরুদ্ধে!

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৯:৩৩

মোজাহেদুল ইসলাম

 

আগে একাধিক বার ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্টরি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে একাধিক চিনা সংস্থার বিরুদ্ধে। এর মধ্যে চিনের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রি প্রস্তুতকারী সংস্থা শাওমি-র নামও রয়েছে। শাওমি ছাড়াও এই তালিকায় সম্প্রতি জুড়েছিল চিনা বহুজাতিক ইন্টারনেট প্রযুক্তি সংস্থা বাইট ড্যান্স-এর জনপ্রিয় অ্যাপ টিক টক এর নামও। এ বার একই অভিযোগ উঠল মার্কিন ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিক অনলাইন পরিষেবা প্রদানকারী সংস্থা লিঙ্কডইন-এর বিরুদ্ধে!

এই মার্কিন সংস্থার বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির গুরুতর অভিযোগ উঠেছে। লিঙ্কডইন-এর বিরুদ্ধে  অভিযোগ, ব্যবহারকারীদের আইফোন বা ম্যাকবুক প্রো ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে তাঁদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই সংস্থার অ্যাপ। আইফোন বা ম্যাকবুক প্রো ব্যবহারকারীদের ক্লিপবোর্ডের যাবতীয় তথ্যের অনুলিপি  করে তা নিজেদের কাছে সংরক্ষণের অভিযোগ উঠেছে লিঙ্কডইন-এর বিরুদ্ধে!

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি ধরা পড়েছে অ্যাপল -এর নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এর একটি বিশেষ ফিচারে। আইওএস ১৪-এর  ওই ফাচারের সাহায্যে সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে।

সম্প্রতি আইফোন ব্যবহারকারী এক লিঙ্কডইন ইউজারই (DonCubed) টুইট করে গোটা বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে লিঙ্কডইন এটিকে একটি যান্ত্রিক ত্রুটি হিসাবেই ব্যাখ্যা করেছে। সংস্থা জানিয়েছে, দ্রুত নতুন আপডেটের মাধ্যমে এই ত্রুটি শুধরে নেওয়া হবে। ওই ইউজারের (DonCubed) টুইটের উত্তরে এ কথা জানিয়েছেন লিঙ্কডইন-এর ইরন বার্গার।