বাজারে আসার মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল সব Redmi Note 9 Pro Max স্মার্টফোন। জনপ্রিয় চিনা সংস্থার নতুন স্মার্টফোন বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে ‘আউট অব স্টক’ হয়ে গেল। আর তাতেই প্রশ্ন জাগছে, চিনা দ্রব্য বয়কটের ডাক কি তবে শুধু সোশ্যাল মিডিয়া ও মিছিলেই সীমাবদ্ধ। ভারতে সংস্থার প্রধান মনুকুমার জৈন এদিন টুইট করে Redmi Note 9 Pro Max-এর বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানান। তিনি লেখেন, ‘আজকের সেল-এ ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।’ সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান মনুকুমার। অল্প সময়েই বিক্রি হয়ে যাওয়ায় অনেকে উইশলিস্টে রেখেও Redmi Note 9 Pro Max কিনতে পারেননি। ফলে তাদের জন্যও আগামী সপ্তাহেই আরও বেশি স্টকসহ ফোন সেল-এ আনা হবে বলে জানিয়েছেন মনুকুমার।
