মাশরাফি আবারও করোনা পজিটিভ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:০০

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার লড়াইটা একটু দীর্ঘায়িত হচ্ছে। এখনো করোনামুক্ত হতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। ১৪ দিন পর  দ্বিতীয়বার নমুনা পরীক্ষাতেও পজিটিভ হয়েছেন মাশরাফি।

বিসিবি সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পরীক্ষার জন্য দ্বিতীয়বার নমুনা দিয়েছিলেন মাশরাফি। আবারও পজিটিভ এসেছে নমুনা পরীক্ষার রেজাল্ট।

গত ২০ জুন তার শরীরে করোনা ধরা পড়েছিল। প্রথমবার পজিটিভ হওয়ার পর বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। অবশ্য বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, দ্বিতীয়বার পজিটিভ হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গতকাল তিনি বলেছেন, ‘১৪ দিন পর সে আবারও টেস্ট দিয়েছিল। কিন্তু পজিটিভ এসেছে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ সম্ভবত অ্যান্টিজেন এখনো শরীরে রয়ে গেছে। তাই পজিটিভ এসেছে।’

সাত দিন পর আবারও টেস্ট দিবেন মাশরাফি। বিসিবির এই চিকিত্সক বলেন, ‘সাত দিন পর সে আবারও টেস্ট দিবে। আশা করি, ততদিনে ঠিক হয়ে যাবে। বেশিরভাগ ১৪ দিনে রোগী ভালো হয়ে যায়। কিন্তু এটাই বাধ্যতামূলক নয়। কারো কারো বেশি সময় লাগতে পারে।’

এই মুহূর্তে মাশরাফির শারীরিক কোনো সমস্যা নেই জানিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘সে এখন বাসায় থাকছে। নির্দেশনাগুলো মানছে। তার শারীরিক কোনো সমস্যা নেই এই মুহূর্তে। হয়তো তার শরীর থেকে ভাইরাস পুরোপুরি সরে যায়নি। কিন্তু আমি আত্মবিশ্বাসী দ্রুতই তা হারিয়ে যাবে কারণ তার কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।’