দর্শক নিয়েই ফিরছে টেনিস

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:০১

স্পোর্টস  ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকেই করোনা ভাইরাসের কারণে থমকে আছে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক টেনিস।  তবে ইউএস ওপেন দিয়ে যখন মাঠে ফিরবে খেলাটি, সীমিত পরিসরে দর্শকদেরও মিলতে পারে মাঠে আসার অনুমতি। আর ফরাসি ওপেন কর্তৃপক্ষ ভাবছে অর্ধেকেরও বেশি ভরাট গ্যালারি নিয়েই মাঠে ফেরার কথা!

করোনার কারণে চলতি মৌসুমের ফরাসি ওপেন প্রথা ভেঙে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে। উইম্বলডন হয়ে গেছে বাতিলই। তবে সে স্থগিতাদেশ শেষ হওয়ার সম্ভাবনা আছে আগামী ৩১ আগস্ট, ইউএস ওপেন দিয়ে। যুক্তরাষ্ট্রে এখনো করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গতকালই আক্রান্ত হয়েছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। আয়োজকরা অবশ্য আশাবাদী, আগস্টের শেষ নাগাদ নিউ ইয়র্কের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিশেষ কিছু দর্শককে অনুমতি দেবেন তারা। প্রতিযোগিতাটির প্রধান রাজস্ব অফিসার লিউ শের বলেন, ‘যদি আগামী দেড় মাসে নিউ ইয়র্কের পরিস্থিতি ভালো থাকলে আপনারা হয়তো দেখবেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির কর্মীদের একটা অংশকে নিমন্ত্রণ করে মাঠে আনছি, তাদের পরিবারও থাকতে পারে সঙ্গে। তবে এটা কেবলই একটা সম্ভাবনার কথা বলছি আমরা।’ তবে নিয়মিত টিকিটধারীদেরকে হতাশই হতে হচ্ছে। চলতি মৌসুমের টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথা ভাবছে আয়োজকরা। তবে সেক্ষেত্রে টিকিটধারীদের কাছে বিকল্প থাকবে আগামী আসরের জন্যে টিকিট বরাদ্দ করারও।

এদিকে পিছিয়ে যাওয়া ফরাসি ওপেন সাধারণ দর্শকদের জন্যে উন্মুক্ত গ্যালারি নিয়েই ফেরার কথা ভাবছে। ফরাসি টেনিস ফেডারেশনের সভাপতি বের্নার্দ গিউদিচেলি বলেন, ‘আমরা দায়িত্বপূর্ণ বিকল্প নিয়ে ভেবেই দর্শক মাঠে ফেরানোর কথা ভাবছি।’ তবে সেক্ষেত্রে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অবধারিতভাবেই দর্শকদের মাস্ক ও দূরত্ব বজায় রাখা নিশ্চিত করবে ফরাসি ওপেন কর্তৃপক্ষ, জানিয়েছে ইএসপিএন।