প্রতিদিন ২০ হাজার দর্শক হবে ফরাসি ওপেনে

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:০১

ফরাসি ওপেনের টিকিট বিক্রি শুরু হবে ৯ জুলাই। এ বছরের আসরটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর এবং শেষ হবে ১১ অক্টোবর। তবে করোনা ভাইরাসের মহামারির পরও আয়োজক ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন (এফএফটি) প্রতিদিন ২০ হাজার দর্শককে খেলা দেখার অনুমতি দেবেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন। তবে ফাইনালের জন্য অনুমতি দেওয়া হবে ১০ হাজার টেনিসামোদীকে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি হলে অবশ্য আরো বেশি দর্শক ফাইনাল দেখার সুযোগ পাবেন। সংগঠকরা অবশ্য দাবি করেছেন তারা যে ২০ হাজারকে খেলা দেখার অনুমতি দিচ্ছেন সেটি হলো মোট ধারণক্ষমতা ৫০ কিংবা ৬০ শতাংশ। সংগঠকরা এও জানিয়েছেন করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হলে দর্শক উপস্থিতির বিষয়টিতে কড়াকড়ি করা হবে। উল্লেখ্য, এই ভাইরাসে ফ্রান্সে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।