সরফরাজের পাশে ইনজামাম

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:০২

পাকিস্তানি কিংবদন্তি ইনজামাম উল হক জানান, অধিনায়ক হিসেবে আরো সময় পাওয়া উচিত ছিল সরফরাজ আহমেদের। অধিনায়ক হিসেবে সরফরাজ যখন অভিজ্ঞতায় পরিপূর্ণ হচ্ছিলেন সে সময় তাকে সরিয়ে দেওয়া মোটেই ঠিক হয়নি। ইনজামাম বলেন, ‘সরফরাজ পাকিস্তানের জন্য মনে রাখার মতো কিছু জয় এনে দিয়েছিল। ভালো অধিনায়ক হিসেবেও নিজেকে গড়ে তুলছিল। দুর্ভাগ্যজনকভাবে যখন সে ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে দল পরিচালনা করছিল, তখনই তাকে সরিয়ে দেওয়া হলো। সরফরাজ আমাদের চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছিল। দল হিসেবে আমাদের টি-টোয়েন্টির শীর্ষে তুলেছিল। তার অধিনায়ক হিসেবে আরো সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু বোর্ড তাকে সেই সুযোগ দেয়নি। তাকে আত্মবিশ্বাস না দিয়ে বরং মানসিকভাবে ভেঙে দিয়েছে।’