শিমলা ২ নম্বর স্পার বাঁধের ৭০ মিটার যমুনার গর্ভে!

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:৩০

এলাকা জুড়ে আতঙ্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীর পানির প্রবল স্রোতে সিরাজগঞ্জের শিমলা ২ নম্বর স্পার বাঁধের প্রায় ৭০ মিটার নদীতে ধসে গেছে। পাউবো ধসের বিস্তৃতি ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করলেও এলাকা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল আলম জানান, বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধের প্রায় ৭০ মিটার ধসে যায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধস অব্যাহত থাকে। তবে ধস ঠেকাতে পাউবো এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ধসের মুখে পড়ায় এরই মধ্যে পাচঠাকুরী এলাকার প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে চলে যাওয়ার আশঙ্কায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছে আরো বেশকিছু বসতবাড়ি। বাঁধ ধসের কারণে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসিম কুমার জানান, বাঁধ ধসের কারণে এরই মধ্যে ৫০টি বসতবাড়ি নদীতে চলে যাওয়ার আশঙ্কায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।

২০০০-২০০১ অর্থবছরে ভাঙন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে শিমলা এলাকায় এ মাটির তৈরি স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়েছে। চলতি বছরের ৩০ মে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে স্পার বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধসে গিয়েছিল। সেখানে বালিভর্তি জিওব্যাগ দিয়ে সংস্কার করা হয়। এ অবস্থায় বুধবার রাতে পূর্বের সংস্কার করা স্থানসহ আবারও ৭০ মিটার বাঁধ ধসে গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, সম্প্রতি সংস্কার করা স্থানসহ বাঁধের মাটির অংশের প্রায় ১০০ মিটার নদীতে ধসে গেছে। আমরা ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছি।  দ্রুত কাজ শুরু করা হবে।