বরিশাল অফিস
স্বামী-সন্তানহারা ষাটোর্ধ্ব প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগমের দিন চলছিল চরম অসহায়ত্বের মধ্য দিয়ে। বরিশাল সদর উপজেলার টুমচরের বাসিন্দা নিঃস্ব নিলুফা বেগমের ভিটেমাটি থাকলেও তাতে থাকার মতো ব্যবস্থা নেই। কোনো মতে একটি ঝুপড়িতে বসবাস করতেন তিনি। বিষয়টি জানতে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তাত্ক্ষণিক সদরের নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও সমাজসেবা অধিদপ্তরের বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে সরেজমিনে পাঠিয়ে প্রতিবন্ধী নিলুফা বেগমের কাছে সহায়তা পৌঁছে দেন। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, অসহায় বৃদ্ধার খবর পাওয়া মাত্রই দ্রুত তার বাড়িতে লোক পাঠিয়ে নগদ অর্থ ও খাবারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড়বান্ধব একটি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সংবাদ পাওয়া মাত্র জেলার অসহায় মানুষের পাশে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রয়েছে।
