শ্বাসরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:৩২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে শিবপুর উপজেলার শাষপুর গ্রামে। নিহত বড় ভাই মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭) উপজেলার শাষপুর (শহিদ মিনার সংলগ্ন) এলাকার আ. রশিদের ছেলে। পুলিশ জানায়, ছোট ভাই হিমেল (১৫) নিজের টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার তিন দিন পর মোবাইলটি হারিয়ে যায়। এতে হিমেল তার বড় ভাই রিফাতকে সন্দেহ করে এবং তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে। শনিবার ভোরে নিজ বাড়িতে হিমেল বড় ভাই রিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর সে প্রথমে তার চাচাকে ঘটনা জানায় এবং বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।