করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:৪১

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিন বেড়েই চলছে। পাকিস্তানেও বাড়ছে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার বিকেলে আমি কিছুটা জ্বর বোধ করি এবং দ্রুত নিজেকে ঘরবন্দি করে ফেলি। পরে নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত সবল ও কর্মক্ষম আছি। ফলে বাসা থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যেতে পারবো। আমার জন্য দোয়া করবেন। 

এ পর্যন্ত পাকিস্তানের সংসদ স্পিকার আসাদ কায়সারসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এবং কয়েকজনের মৃত্যুও হয়েছে।

এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন। কোরেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানোর পর এ বার্তা দিলেন জারিফ। 

আরও পড়ুন: অক্সফোর্ডের করোনা টিকা দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন। তিনি এ জন্য আল্লাহর কাছে দোয়া করেন। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই